প্রকাশিত: Tue, Apr 16, 2024 4:27 AM
আপডেট: Thu, Oct 22, 2026 5:09 AM

[১]ঈদ ছুটির তিনদিনে দুই শতাধিক দুর্ঘটনা, শীর্ষে মটরসাইকেল [২]আহত সাত শতাধিক, নিহত ১৩

সুজন কৈরী: [৩] ঈদের আগের দিন থেকে ঈদের পরদিন পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এসবের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি। এই তিন দিনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন ২১২ জন তরুণ ও যুবক। তাদের মধ্যে ৬০ জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

[৪] ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা থাকায় চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চালান। ফলে এসব দুর্ঘটনা ঘটে। 

[৫] ছুটির তিন দিনে মোটরসাইকেলসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ শতাধিক ব্যক্তি। তাদের মধ্যে অধিকাংশই যুবক ও তরুণ। 

[৬] জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের আবাসিক চিকিৎসক অশোক কুমার বলেন, ঈদের আগের দিন ২৩৪ জন জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছিলেন ৪০ জন। অন্য দুর্ঘটনায় আহত ৫১ জন। ঈদের দিন ২৫০ জন জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছিলেন ৭৬ জন। অন্য দুর্ঘটনায় আহত ছিলেন ৫৪ জন। ঈদের পর দিন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ৫০ জন। অন্য দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪০ জন। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে চিকিৎসা নিয়েছেন তারা।  

[৭] ডা. অশোক কুমার বলেন, সাধারণত ঈদ ও ঈদ পরবর্তী সময়ে এই হাসপাতালে রোগীর চাপ বেশি থাকে। হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত। জরুরি ওয়ার্ডে জায়গা না হওয়ায় অনেককে বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব